মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি, আধাঘণ্টা রোদে বসিয়ে শাস্তি

চুয়াডাঙ্গায় সরকারের কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে মাস্ক না পরে ঘোরাঘুরির অপরাধে ৩০ জনকে রোদে বসিয়ে রেখে ব্যতিক্রমী সাজা দিয়েছে পুলিশ।

মাস্ক ব্যবহারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাস্তিস্বরূপ এ পদক্ষেপ গ্রহন করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরে সরকারের কঠোর বিধি নিষেধ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের আটক করে পর্যায়ক্রমে ৩০ জনকে পিকআপ ভ্যানে উঠিয়ে থানায় চত্বরে আনা হয়।

পরে শাস্তিস্বরূপ রোদে বসিয়ে রাখতে দেখা যায় তাদেরকে। এ সময় প্রায় ঘণ্টাখানেক তাদের প্রখর রোদে বসিয়ে রাখা হয়।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে জন্য পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হচ্ছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বের হচ্ছে, তাদেরকে রোদের ভেতর বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, শুধু মাস্ক বিতরণ করেই সচেতনতা তৈরি করা কঠিন। পুলিশ নিয়মিতভাবে মাস্ক বিতরণ করছে। কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরার আগ্রহ এখনো সেভাবে প্রকাশ পায়নি। তাই আরেকটু কঠোর হতে এমন পদক্ষেপ নেয়া হয়। তাদেরকে আধাঘণ্টা সময়ের মতো থানা চত্বরে বসিয়ে রেখে সবার মধ্যে মাস্ক বিতরণ করে ছেড়ে দেয়া হয়। এটি দেখে যাতে অন্যরাও সতর্ক হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর, পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও পরিদর্শক (অপারেশনস) দেবব্রতসহ থানা পুলিশের অন্য সদস্যরা।