হারারে টেস্টের প্রথম দিনে দাপট দেখালেন পাকিস্তানি পেসাররা। শাহিন শাহ আফ্রিদি আর হাসান আলির ৪ + ৪ = ৮ উইকেটে ৫৯.১ ওভারে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় টসজয়ী স্বাগতিকরা। জবাব দিতে নেমে ওপেনাররা অবিচ্ছিন্ন থেকে ১০৩ রান তুলে নিয়েছেন। ইমরান বাট ৪৩ ও আবিদ আলি ৫৬ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান করেন অভিষিক্ত ব্যাটসম্যান রয় কায়া। হাসান-আফ্রিদির আগুনে বোলিংয়ে ৩০ রানে ৪ উইকেট হারানোর পর মিল্টন শুম্বাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন কায়া। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে ৯৫ রান করা ডোনাল্ড টিরিপানো ২৮ রান করে অপরাজিত ছিলেন। শাহিন আফ্রিদি ৪৩ রান দিয়ে ৪, আর হাসান আলি ৫৩ রানে ৪ উইকেট নেন। একটি মাত্র উইকেট নিয়েছেন স্পিনার নোমান আলি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১৭৬ (কায়া ৪৮; শাহিন আফ্রিদি ৪/৪৩, হাসান আলি ৪/৫৩)। পাকিস্তান ১ম ইনিংস : বিনা উইকেটে ১০৩ (আবিদ ৫৬*, ইমরান বাট ৪৩*)।