ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা গত মার্চে নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
পাঁচ বিজ্ঞানীকে নিয়ে গঠিত ওই ফোরামের চারজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমটিকে বলেছেন, নতুন এবং আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টের বিষয়ে মার্চের শুরুতে সরকারকে অবহিত করা হয়।
বিজ্ঞানীদের দাবি, ‘সতর্কবার্তা যাওয়ার পরেও সরকার থেকে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি; বরং এই সময়ে লাখ-লাখ মানুষ ধর্মীয় উৎসবে সামিল হয়েছেন। রাজনৈতিক মিছিলে গা ভাসিয়েছেন।’
পৃথিবীর দ্বিতীয় জনবহুল এই দেশ এখন টালমাটাল অবস্থা পার করছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশে একদিনে এত মানুষ শনাক্ত হননি।
রয়টার্স লিখেছে, মার্চের প্রথম দিকে নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসকে সতর্ক করে সার্স-কভ-২ জেনেটিক্স কনসোর্টিয়াম ফোরাম।
নাম প্রকাশ না করার শর্তে ফোরামের এক বিজ্ঞানী বলেছেন, তিনি সরাসরি মোদিকেও এ বিষয়ে অবহিত করেন।
রয়টার্সের পক্ষ থেকে মোদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার অফিস থেকে কোনো সাড়া মেলেনি।
ওই বিজ্ঞানী আসলেই মোদিকে এ বিষয়ে জানিয়েছিলেন কি না, সেটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।