সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামের আমতলা এলাকায় জামতৈল-কড্ডা আঞ্চলিক সড়কে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলো- উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের নয়ন (১৬), কাওয়াক গ্রামের নাইমুল ইসলাম (১৬), শিবপুর বামনগ্রামের সুমন (১৫) ও শাহজাদপুর উপজেলার বোলদীপাড়া গ্রামের আরিফুল ইসলাম (১৬)।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় একটি হাই স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র ও কিশোর গ্যাংয়ের সদস্য। এ দিন রাতে তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় তাদের কাছে থেকে ২টি চাকু, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল, দুটি চটের বস্তা, রশি ও স্কুলব্যাগ উদ্ধার করা হয়।
ওসি জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।