বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছে পশ্চিমবঙ্গ: অখিলেশ

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

বেসরকারি ফলাফলে মমতা ব্যানার্জির বিশাল জয় দেখার পর অখিলেশ টুইটে বলেন, ‘বাংলার সচেতন নাগরিকেরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা।’

আরেকটি টুইটে তিনি বলেন ‘‘একজন নারীকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ।’

ভারতে এই দফা বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যে নির্বাচন হলেও প্রায় সবার নজর ছিল পশ্চিমবঙ্গে। বুথ ফেরত জরিপের মতো রবিবার শুরুর ভোট গণনায়ও ছিল তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।

তবে ভোটের গণনা বাড়তেই বিজেপির সঙ্গে ব্যবধান বাড়াচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল।

এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২ আসনের মধ্যে ২০৫টিতে এগিয়ে আছে তৃণমূল। ২৯৪ আসনের বিধানসভায় জয়ের জন্যও দরকার ১৪৮টি আসন। বিজেপি এগিয়ে আছে ৮৪ আসনে।

১০ বছর আগে বামদুর্গ ভেঙে এ রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা । ২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ভোটের উত্থান হয়।

তৃণমূল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে পেয়েছিল ২১১টি আসন। কংগ্রেস ও বামফ্রন্ট পেয়েছিল যথাক্রমে ৪৪ ও ৩২টি আসন। বিজেপি’র ঝুলিতে ছিল মাত্র ৩টি। অন্যান্যরা পেয়েছিল ৪টি আসন।

তবে ছবিটা বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। এই নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে, রাজ্যে ১৬৪টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। এক ধাক্কায় ১২১টি আসনে এগিয়ে যায় বিজেপি। অন্য দিকে কংগ্রেস এগিয়েছিল ৯টি আসনে। বামফ্রন্ট ও অন্যান্যরা একটিও আসন পায়নি।