আমাদের জিতিয়েছে দুটি স্লোগান, ‘খেলা হবে’ আর ‘জয় বাংলা’: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় বিজয়ের অপেক্ষায় তৃণমূল কংগ্রেস। দলটির প্রধান মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তার দলের এ বিজয়ের নেপথ্যে কাজ করেছে দুটি স্লোগান। একটি ‘খেলা হবে’, অপরটি ‘জয় বাংলা’।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আট দফায় ভোট হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনাকৃত ভোটের ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছে তৃণমূল।

এনডিটিভির সূত্রে ২১৩ আসনে এগিয়ে মমতার দল। বিজেপি এগিয়ে ৭৮ আসনে। আনন্দবাজার জানায়, ২০৯ আসনে এগিয়ে মমতার তৃণমূল এবং ৮১ আসনে এগিয়ে বিজেপি।

রবিবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে, আমার ছোট ছোট ভাইবোনেরা দিয়েছেন খেলা হবে আর জয় বাংলা। সত্যিই খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি। এ জন্য আমি তাদের অভিন্দন জানাব এবং আমি নিজে ৫০ হাজার ফুটবল গ্রাম-বাংলার বুকে আমাদের দলের পক্ষ থেকে গরীব গরীব ক্লাবগুলোকে দেব।

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে সাড়া তুলেছিল ‘খেলা হবে’। এ নিয়ে কার্টুনও প্রকাশিত হয়। একটি কার্টুনে দেখা যায়, নির্বাচনী প্রচারে গিয়ে পা ভাঙার পর প্লাস্টার জড়ানো মমতা বন্দোপাধ্যায় পায়ের নিচে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন।

নির্বাচনী সমাবেশে মমতা ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বলেন, ‘আমি থাকব গোরক্ষক। আমি দেখতে চাই ক’টা গোল তারা (বিজেপি, সিপিএম, কংগ্রেস) মারতে পারে।‘

এ স্লোগন নিয়ে গানও তৈরি হয়।

অন্য দিকে জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্কের মুখে পড়েন মমতা। জয় শ্রীরামের পরিবর্তে তিনি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চান বলে অভিযোগ ওঠে।

এক অভিযোগের জবাবে নদীয়ায় দলীয় নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘জয় বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্লোগান। বাংলাদেশে এ স্লোগান ব্যবহার হলে আমরা বলতে পারব না কেন?’