কমছে না তাপপ্রবাহ, মে তে ঘূর্ণিঝড়ের শঙ্কা

এপ্রিলের গরমের দাপট থেকে মুক্তি মিলছে না এই মাসেও। সঙ্গে ঝোড়ো হাওয়া ও ঘূর্ণিঝড় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার মে মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে কালবৈশাখী ঝড়ও হতে পারে। এ ছাড়া, স্বাভাবিকের চাইতে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।

অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে ১টি থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি জানান, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।

তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আভাসও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিকলীতে ৭৫ মিলিমিটার।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা,চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে ।