রাজধানীর শান্তিনগরে এক গৃহকর্মী ও উত্তরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে শান্তিনগরের বাসা থেকে কুলসুম বেগম (২০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাত সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে সাবরিনা হাবিব (৪০) নামে গৃহবধূ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বজনরা। গত শনিবার সকাল ৭টার দিকে শান্তিনগর প্যারাডাইস কর্নারের ষষ্ঠতলা থেকে গৃহকর্মী কুলসুমের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পল্টন থানার এসআই কামরুল হাসান দেশ রূপান্তরকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার রাত ১১টা থেকে ৩টার যে কোনো সময় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। এদিকে উত্তরা পূর্ব থানাধীন এলাকায় বাসায় গলায় ফাঁস দিয়ে সাবরিনা হাবিব (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন বলে দাবি করেছেন তার স্বামী।