শাহ আহমদ শফীর মৃত্যু

প্রাণনাশের শঙ্কায় মামলার বাদীর থানায় জিডি

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ এনে করা মামলার বাদী মো. মইন উদ্দিন নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় জিডি করেন শাহ আহমদ শফীর শ্যালক মো. মঈন উদ্দিন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, ‘মঈন উদ্দিন একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

মো. মঈন উদ্দিন বলেন, ‘নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি। নগরীর মোহাম্মদপুরের যে এলাকায় আমি থাকি ওই এলাকাতে ইদানীং কিছু অপরিচিত ও সন্দেহভাজন লোকজন দেখছি। এছাড়া মামলা দায়েরের পর থেকে ফেইসবুকে নানা রকম লেখালেখি ও হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জিডি করেছি।’

আহমদ শফীকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার শ্যালক মো. মঈন উদ্দিন বাদী হয়ে হেফাজতের ৩৬ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন গত বছরের ১৭ ডিসেম্বর। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। গত ১২ এপ্রিল বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।