মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
তবে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন। আরও দুজন হাসপাতালে ভর্তি বলে জানান তিনি।
এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নৌ-পুলিশসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোটটি বাংলাবাজার ঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।