ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে ফের দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ভার্চ্যুয়াল আদালত রিমান্ডের এ আদেশ দেন।
গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগে শাহবাগ থানায় মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় ডিবির উপপরিদর্শক শাহজাহান মিয়া আখতারকে ৫ দিনের রিমান্ড চেয়ে গত ২০ এপ্রিল আবেদন করেন। সেই আবেদনের ওপর সোমবার শুনানি হয়।
আখতারের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য এই মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আখতারকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেডিকেল থেকে আসামি ছিনতাইয়ের মামলায় ১৪ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। সেই মামলায় রিমান্ড শেষে গত ১৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।