মেসির জোড়ায় জয় বার্সার

গ্রানাদার কাছে হারের পর লা লিগা শিরোপা পুনরুদ্ধারে শেষ ৫ ম্যাচই জয়ের মিশন বার্সেলোনার। রবিবার সেই পাঁচ ম্যাচের প্রথমটিতে ভ্যালেন্সিয়ার মাঠে পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে তারা। ৩৪ ম্যাচ শেষে ৭৪ পয়েন্টে তিনে বার্সেলোনা, সমান পয়েন্টে হেড টু হেডে এগিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এই আতলেতিকোর সঙ্গেই শনিবার পরের ম্যাচ বার্সার।

এস্তাদিও দে মেস্তালায় ম্যাচের ৫ গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে গ্যাব্রিয়েল পাউলিস্তা এগিয়ে দেন স্বাগতিকদের। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে সরাসরি গোল করতে না পারলেও ফিরতি বলে গোল করে সমতায় ফেরান অধিনায়ক মেসি। ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার লাতো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। মেসির পেনাল্টি শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলকিপার। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শটও গোললাইনে থেকে বাঁচান আরেক ডিফেন্ডার। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে গোল করেন মেসি। এর ছয় মিনিট পর দলকে লিড এনে দেন আন্তোইন গ্রিজমান। ৬৯ মিনিটে ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৮৩ মিনিটে কার্লোস সোলো গোল করে বার্সা শিবিরে ভিতি ছড়ালেও আর গোল করতে পারেনি ভ্যালেন্সিয়া।

৮ মে বার্সা-আতলেতিকো ম্যাচটিকে শিরোপা নির্ধারণী হিসেবে দেখা হচ্ছে। জিতলেই শীর্ষে উঠবে বার্সা। অবশিষ্ট তিন ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করতে পারবে। অন্যদিকে আতলেতিকো জিতলে শিরোপার পথে এগিয়ে যাবে অনেক দূর। লাল কার্ডে ডাগআউটে নিষিদ্ধ কোচ রোনাল্ড কোম্যানের জায়গায় তার সহকারী স্রোডার আতলেতিকোর সঙ্গে ম্যাচ সম্পর্কে বলেন, ‘এটা (শিরোপা লড়াই) খুব হাড্ডাহাড্ডি হবে। অন্য দলগুলোর দিকে আমাদের লক্ষ রাখতে হবে না। তবে আমরা নিজেদের নিয়ে ভাবছি। কখনো আমরা পয়েন্ট হারিয়েছে, কখনো আতলেতিকো, আবার কখনো রিয়াল বা সেভিয়া। পরের ম্যাচে শিরোপা নিষ্পত্তি হবে না। এখনো মোট চারটি ম্যাচ বাকি আছে।’