পশ্চিমবঙ্গ নির্বাচনে নায়িকাদের ভরাডুবি

ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে তার তৃণমূল কংগ্রেস। নির্বাচনে গতবারের মতো এবারও অন্যতম আকর্ষণ ছিল তারকা প্রার্থীদের অংশগ্রহণ। প্রধান দুটি দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির হয়ে প্রায় ২৫ জন তারকা নির্বাচন করেছেন। গতবার তৃণমূলে তারকা প্রার্থী বেশি থাকলেও এবার বিজেপিতেও সংখ্যা ছিল সমান সমান। টালিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব মিমি চক্রবর্তী, দেব আর নুসরাত নির্বাচনে না দাঁড়িয়েও তৃণমূলের হয়ে প্রচারণা চালিয়েছেন। তাদের পরিশ্রম সফল। যে জলপাইগুঁড়িতে কখনো তৃণমূল জিততে পারেনি, এবার সেটাও হলো। তবে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে গেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে  নায়িকা প্রার্থীদের অবস্থা একেবারেই বেহাল। বলা যায়, ভরাডুবি হয়েছে তাদের। চিত্রনায়ক সোহম চক্রবর্তী ও হিরণ চ্যাটার্জি জয়ের মালা পেয়েছেন। আর নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে জয় পেয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক আছেন।

তৃণমূল কংগ্রেসে তারকা প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (বারাসাত), সোহম চক্রবর্তী (চ-ীপুর), কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া), জুন মালিয়া (মেদিনীপুর) ও রাজ চক্রবর্তী (বারাকপুর)।

বিজেপির তার প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় (খড়গপুর সদর) ও অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ)।

তৃণমূল কংগ্রেসে তারকা প্রার্থীদের মধ্যে পরাজিত হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), সায়নি ঘোষ (আসানসোল দক্ষিণ) ও কৌশানি মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর)।

বিজেপি তারকা প্রার্থীদের মধ্যে পরাজিত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বেহালা পশ্চিম), রুদ্রনীল ঘোষ (ভবানীপুর), বাবুল সুপ্রিয় (টালিগঞ্জ), পায়েল সরকার (বেহালা পূর্ব), পার্নো মিত্র (বরানগর), লকেট চট্টোপাধ্যায় (চুঁচুড়া), তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর), অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ), পাপিয়া অধিকারি (উলুবেড়িয়া দক্ষিণ) ও যশ দাশগুপ্ত (চ-ীতলা)। অভিনেত্রী শ্রীলেখা মিত্র নির্বাচন না করলেও জানিয়েছেন, তিনি বামের সমর্থক ছিলেন, আছেন আর থাকবেন। বিজেপির পক্ষে মাঠে নেমে তীব্র সমালোচনায় এখন রীতিমতো জেরবার মিঠুন চক্রবর্তী।