সুপ্রিম কোর্টের নির্দেশনা

দেওয়ানি আদালতে সাকসেশন মামলার নিষ্পত্তি করা যাবে

অধস্তন দেওয়ানি আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সাকসেশন (উত্তরাধিকার) মামলার শুনানি গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশক্রমে গতকাল সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানি আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।’ সংশ্লিষ্ট বিচারক স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণপূর্বক সাকসেশন মামলাগুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালতের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।