সারা দেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানি শেষে আরও ১ হাজার ৭২১ জন কারাবন্দি (হাজতি) জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। গত রবিবার ৩ হাজার ৩০৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে তাদের জামিন হয় বলে গতকাল সোমবার জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। করোনাভাইরাস সংক্রমণ রোধে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে দ্বিতীয় দফা ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার পর এ নিয়ে ১৪ কার্যদিবসে ৪৫ হাজার ২২৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ২৪ হাজার ৫৯৪ জন হাজতি জামিন পেলেন। এর মধ্যে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩০৮ জন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারা দেশে বিচারিক আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন শুনানি ও বিভিন্ন মামলার আবেদনের ওপর শুনানি হচ্ছে।