গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরি উল্টো পাশ থেকে  লাশটি উদ্ধার করা হয়।

নিহত রশিদ মিয়া (১৮) নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার লতিফপুর এলাকায় কালামের বাসার ভাড়াটিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির উল্টো পাশে রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই সোহেল মোল্লা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে নিহত ওই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।