করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে মারা যা্ওয়া দিনাজপুরের দুই নার্সের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
প্রত্যেক পরিবারকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ নিজ কার্যালয়ে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই চেকগুলো বিতরণ করেন। তিনি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
ভয়াবহ করোনার মধ্যে চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে গত বছরের ২ নভেম্বর নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও ১২ নভেম্বর নার্সিং ইনস্ট্রাক্টর আমিন খাতুন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চেকগুলো গ্রহণ করেন নিহত রহিমা খাতুনের স্বামী শাহাদাত হুসেন ও আমিনা খাতুনের স্বামী জাহাঙ্গীর আলম।
হুইপ ইকবালুর রহিম বলেন,করোনায় আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছে। জাতি তাদের কখনো ভুলবে না। এই করোনাসম্মুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে।
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
এ ব্যয় চলতি ২০২০-২০২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটর অধীন করোনা (কভিড-১৯) সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্ষতিপূরণ বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত ৫০০ কোটি টাকা হতে নির্বাহ করা হবে।