পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার বলেছেন, ঈদুল ফিতরের আগেই ভ্যাকসিন ডেলিভারি দিতে চীনা সরকার কাজ শুরু করেছে।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন ভ্যাকসিন ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।
করোনার টিকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চীন ও রাশিয়ার সংযোগ স্থাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে ড. মোমেন ইউএনবিকে বলেন, কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।
মন্ত্রী বলেন, চীনে ৫ দিনের মে দিবসের ছুটি চলছে যা ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সবকিছু বন্ধ থাকবে।
ভ্যাকসিন পেতে আমেরিকার সাথেও যোগাযোগ চলছে উল্লেখ করে তিনি বলেন, অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।
হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক মাসে রপ্তানির জন্য ৬০ মিলিয়ন ডোজ পর্যাপ্ত থাকার সম্ভাবনা রয়েছে ।
ড. মোমেন বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভ্যাকসিন চেয়েছি। আমরা অবশ্যই এটিকে স্বাগত জানাব।
মোমেন বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশের সবাইকে টিকা দেয়া সম্পন্ন করার পর অবশিষ্ট টিকাগুলো বাংলাদেশসহ অন্যান্য দেশে সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আশ্বাস দিয়েছে।
সূত্র: ইউএনবি।