রিকশাওয়া‌লা‌কে নির্যাতনকারী 'প্রভাবশালী' ব্য‌ক্তি‌ আটক

রাজধানীর বংশালে এক বয়স্ক রিকশাওয়ালাকে মারধরকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রিকশাওয়ালাকে মারধরের ভিডিওর সূত্র ধরে ওই প্রভাবশালী ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশ জানায়। 

পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স বিভাগের এআইজি মো. সো‌হেল রানা এ তথ্য জানান। 

তিনি বলেন, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

পুলিশ জানায়, ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়ক ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে। 

এরপর বংশালের ওসির নেতৃত্বে একটি দল অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম সুলতান আহমেদ। তিনি ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।