ব্রাদার্সের জালে আবাহনীর ৫ গোল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে ঢাকা আবাহনী লিমিটেডের শুরুটা সুখকর ছিল না। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট হারাতে হয়েছিল প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটিকে। সেই ধাক্কা কাটিয়ে এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল আকাশি-নীলরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৫-২ গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়ন আবাহনী। প্রথম লেগে ব্রাদার্সকে ২-০ হারিয়েছিল দলটি।

এদিন আবাহনীর পক্ষে পাঁচ গোলদাতা হলেন- সানডে চিজোবা, জুয়েল রানা, নাসিরউদ্দিন চৌধুরি, রুবেল মিয়া ও কেরভেন্স ফিলস বেলফোর্ট। ব্রাদার্সের গোল দুটি করেন আওয়ালা মাগালান।

মাস দুয়েকের বিরতির পর গত শুক্রবার প্রিমিয়ার লিগ মাঠে ফেরে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে পুলিশের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী।

এদিন ব্রাদার্সকে উড়িয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।

দিনের অন্য ম্যাচে পুলিশকে ২-০ গোলে হারানো বসুন্ধরা কিংস আছে শীর্ষে।

১৪ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া ব্রাদার্স ৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। পুলিশ এফসির ১৪ ম্যাচের পয়েন্ট ১৩।

আরো পড়ুন

প্রিমিয়ার লিগে জয়রথে বসুন্ধরা