তিন বিদেশির গোলে জিতল শেখ রাসেল

তিন বিদেশি ফুটবলারের গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে বড় ব্যবধানে হারাল শেখ রাসেল ক্রীড়া চক্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ছিল তিনটি খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে ৩-০ গোলে জয় পায় শেখ রাসেল। দলটির হয়ে গোলগুলো করেন সিওভুস আসরোরভ, বখতিয়ার দুইশবেকভ ও লোপেজ রদ্রিগেজ।

ম্যাচের প্রথমার্ধেই শেখ রাসেল ২-০ গোলের লিড নেয়। মাত্র তিন মিনিটেই উজবেক ফরোয়ার্ড আসরোরভ গোল করে লিড এনে দেন দলকে। ৩৫ মিনিটে আরেক বিদেশি বখতিয়ার দুইশবেকভ পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। ৭০ মিনিটে ব্রাজিলিয়ান রদ্রিগেজের গোলে বড় জয় নিশ্চিত হয় অল ব্লুজদের।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ।

এদিন দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারায় ঢাকা আবাহনী লিমিটেড। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দলটি আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।

দিনের দ্বিতীয় ম্যাচে পুলিশকে ২-০ গোলে হারানো বসুন্ধরা কিংস আছে শীর্ষে। ১৪ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া ব্রাদার্স ৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। পুলিশ এফসির ১৪ ম্যাচের পয়েন্ট ১৩।

আরো পড়ুন

প্রিমিয়ার লিগে জয়রথে বসুন্ধরা

ব্রাদার্সের জালে আবাহনীর ৫ গোল