দাউদকান্দিতে ভ্রাম্যমাণ দুই সিএনজি স্টেশন উচ্ছেদ

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পদুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর ও দৌলতপুর ইউনিয়নের নায়েরগাঁও বাজারের ওই দুটি অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করে। স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে সিলিন্ডারবোঝাই করে এ অবৈধ কারবার চালাচ্ছিল। ঝুঁকিপূর্ণ এসব স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে গ্যাস সরবরাহ করা হতো।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা দেশ রূপান্তরকে বলেন, একটি খালি জায়গায় ত্রিপল টানিয়ে ভ্রাম্যমাণ যন্ত্র স্থাপন করে গ্যাস সরবরাহ করা হতো। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা ৫০ পয়সা বেশি নেওয়া হতো।

প্রতিটি কাভার্ড ভ্যানে অন্তত ১০০ গ্যাস সিলিন্ডার থাকে। ওই কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডারের সঙ্গে সিরিজ সংযোগ দিয়ে কন্ট্রোল মেশিনের মাধ্যমে অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হতো। ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন দুটি এলাকার প্রভাবশালীরা পরিচালনা করত। এর আগে গত সপ্তাহে চান্দিনা উপজেলার বাগানবাড়ী, মহিচাইল ইউনিয়নের দোল্লাই নবাবপুর বাজার এলাকায় আরও তিনটি ভ্রাম্যমাণ অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়।