রাজধানীর বংশালে এক রিকশাচালককে মারধরের অভিযোগে সুলতান আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক-এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
সোহেল রানা বলেন, ‘গতকাল পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। সেই ভিডিওতে দেখা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে বংশালে এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন এক ব্যক্তি। নির্যাতনের একপর্যায়ে ওই রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘ভিডিওটি দেখামাত্র নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ওসি শাহীনের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘মারধরকারী ওই ব্যক্তি বংশাল এলাকার বাড়িওয়ালা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী।’ এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।