বিটকয়েন ব্যবসা

গ্রেপ্তার ১২ জন তিন দিনের রিমান্ডে

বিটকয়েন ব্যবসার সঙ্গে জড়িত গ্রেপ্তার ১২ জনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই শফিউদ্দিন মিয়া আসামিদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. ইসমাইল হোসেন ওরফে সুমন, আবুল বাশার রুবেল, আরমান পিয়াস, রায়হান আলম সিদ্দিকি, মো. জোবায়ের, মেহেদী হাসান রাহাত, মেহেদী হাসান, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম, সোলাইমান ইসলাম, মো. জাকারিয়া ও আরাফাত হোসেন। এর আগে গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর বাড্ডা এলাকা থেকে এই ১২ জন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।