দুর্গাপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আনোয়ার হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

ওই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন দুর্গাপুর ডিগ্রি কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের শিক্ষাথী। গত প্রায় দুই বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

মৃতের নিকট আত্মীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন ওরফে মোতালেব বলেন, আনোয়ারের প্রায় দুই বৎসর ধরে মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে সর্বদা সে তার মার নজরদারিতে থাকত। আজ (বুধবার) ফজরের নামাজ মসজিদে পড়বে এ কথা মাকে বলে ঘর থেকে বের হয়।

আসতে দেরি দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের নতুন হাফ-বিল্ডিং ঘরের পশ্চিম পাশে জানালা দিয়ে দেখা যায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ধর্নার সাথে ঝুলে আছে আনোয়ার।

পরে জানালার গ্রিল ভেঙে পরিবার ও আশপাশের লোকজন প্রবেশ করে দেখে মেঝেতে টুপি পড়ে আছে ও পাঞ্জাবির পকেটে তজবি রয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি আনোয়ারের মানসিক সমস্যা ছিল।