হিলিতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিশু ধর্ষণের পলাতক আসামি রবিউল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম হিলির দক্ষিণবাসুদেবপুরের জিলাপিট্টি গ্রামের আনসার আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গত ২০ এপ্রিল সকালে আরবি পড়া শেষে ওই শিশুটি নিজ বাড়িতে ফেরার পথে রবিউল ইসলাম নামের এক যুবক রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গত ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত ছিল কিন্তু তিনি ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

আজ সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ওই যুবক বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের পাশে অবস্থান করছে। সংবাদ পেয়ে এসআই বেলালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।