করোনা মহামারী পরিস্থিতিতে এ পর্যন্ত মোট দুই দফায় ৭৪ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ফৌজদারি মামলায় ১ লাখ ৭৩ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ সময়ের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ২২১টি ফৌজদারি মামলায় জামিন আবেদনের নিষ্পত্তি হয়।
সুপ্রিম কোর্ট মুখপাত্র জানান, মঙ্গলবার সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ৮৮টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৫৩৬ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট ১৬ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫১ হাজার ৮৮২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ২৭ হাজার ৮৪৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছেন। এর মধ্যে গত ১৬ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩৬৭ জন।
মহামারী করোনাভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে গত বছর মে মাস থেকে বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হয়।