জামিন পাননি ঢাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন ঢাকা মেডিক্যাল থেকে আসামি ছিনতাইয়ের মামলায় জামিন পাননি।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চ্যুয়াল আদালত আসামি আখতারে জামিনের আবেদন নাকচ করে দেন।

গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আখতার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১৪ এপ্রিল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সাইফুল ইসলাম খান তাকে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক আসামি ছিনতাইয়ের মামলায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ মতিঝিলে মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যায়।

এ ঘটনায় একই দিনে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন পল্টন মডেল থানার এসআই রায়হান কবির। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগে শাহবাগ থানায় মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গত ২ মে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ভার্চ্যুয়াল আদালত থেকে দেওয়া দুই দিনের রিমান্ড রয়েছেন এ আসামি।