হেফাজতের বিলুপ্ত কমিটির দুই নেতা রিমান্ডে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা আতাউল্লাহ আমীনকে আবারও ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজীকে হাজির করে ২০১৩ সালে শাপলা চত্বরে তা-বের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় ৭ দিন করে ১৪ দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ^াসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আরেক হেফাজত নেতা আতাউল্লাহ আমীনকে হাজির করে শাহবাগ ও রমনা থানার মামলায় ৭ দিন করে ১৪ দিনের  রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনের তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন, আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংগঠনটি। এ ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় মামলা করা হয়।