বকেয়া ভাতা পরিশোধ দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বার্ষিক ছুটির পাওনা টাকা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল বুধবার দুপুরে নগরীর বিসিক এলাকার বিপি ওয়্যার লিমিটেড নামে ওই পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা অন্য একটি পোশাক কারখানায় হামলা চালানোর চেষ্টা চালালে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকরা জানান, কারখানা মালিক তাদের বার্ষিক ছুটির পাওনা টাকা পরিশোধ করেনি। তাই সেই পাওনা টাকার দাবিতে গত দুই দিন ধরে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে আসছে তারা। গতকাল সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিস টানানো দেখতে পায় তারা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কারখানা বন্ধের নোটিস দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা পাশের দিশারী অ্যাপারেলস লিমিটেডে নামে একটি কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় অন্তত দশ শ্রমিক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিপি ওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আহম্মেদ হুসাইন বলেন, ‘আমরা এ বিষয়ে বিজিএমইএর সভাপতির সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক (জোন-২) আব্দুল জলিল জানান, শ্রমিকরা দুই দিন যাবৎ ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল। গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে পাশের কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।