ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭ কার্য দিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫৪,৯৬৯টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি এবং ২৯,২৯১ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৭ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩৮৮ জন।
তিনি বলেন, গতকাল ৫ মে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩০৮৭টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৪৪৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিম কোর্ট মুখপাত্র বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত মোট দুই দফায় ৭৫ কার্য দিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ফৌজদারি মামলায় ১ লক্ষ ১ হাজার ৫২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
এ সময়ের মধ্যে ২ লক্ষ ২ হাজার ৩০৮টি ফৌজদারি মামলায় জামিন আবেদনের নিষ্পত্তি হয়।