শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না গিবসন

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের সময় আমরা ওটিস গিবসনকে পাচ্ছি না। উনি ছুটিতে গিয়েছেন।’

সদ্যই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে শ্রীলঙ্কা থেকে ফিরেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ফিরেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুকও। তারাও ছুটিতে যেতে চেয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরতে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন তারা।

গিবসন অবশ্য শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ তারকা সেখানেই থিতু হয়েছেন। পরিবারকে সময় দিতে ছুটি নিয়েছেন তিনি।

তবে জুনে জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে যোগ দেবেন গিবসন। আকরাম বলেন, ‘সামনেই জিম্বাবুয়ে সফর আমাদের। আশা করছি, ওই সিরিজের আগেই কাজে যোগ দেবেন গিবসন।’

ছুটি প্রসঙ্গে গিবসন বলেছেন, ‘আমি হয়তো সশরীরে এখানে থাকতে পারছি না। কিন্তু আমি প্রতিটি পেস বোলারের সঙ্গে থাকব। দূরে থাকলেও আমি দলের সঙ্গেই থাকব। প্রতিটা ম্যাচ দেখব, প্রতিটা বল পর্যবেক্ষণ করব। এটা কেবল তিন ম্যাচেরই তো ব্যাপার। আশা করি, সমস্যা হবে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৩ মে। ২৫ ও ২৮ মে পরের দুটি ম্যাচ। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।