হেফাজতের মূল উৎপাটন করা হবে : কৃষিমন্ত্রী

হেফাজতের মূল যত গভীরেই হোক না কেন তা উৎপাটন করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডা. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে দেশের অসাম্প্রদায়িকতাকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চায় তারা বাংলাদেশকে বানাতে চায় ধর্মান্ধদের, ধর্ম ব্যবসায়ীদের একটি দেশ। এটাকে বানাতে চায় তালেবান আল-কায়েদার দেশ। কিন্তু বাংলাদেশ কোনো দিনই আল-কায়েদার দেশ হবে না, তালেবানদের দেশ হবে না।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ব্রি ধান ৮১ জাতের ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে ফসলের নতুন নতুন জাত ও চাষাবাদের উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার ফলে ক্রমশমান জনসংখ্যা বৃদ্ধির মুখেও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে। জনসংখ্যার বৃদ্ধি ও নানা কারণে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়া, সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষিতে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে যুগোপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করেছে।