পোশাক কারখানায় ‘চাঁদা দাবি’

২৫ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের কাশিমপুর এলাকার একটি পোশাক কারখানায় চাঁদা দাবি এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর কেএসি ফ্যাশন ওয়্যার লিমিটেড নামে ওই পোশাক কারখানার এ ঘটনায় গত বুধবার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ এবং ছাত্রলীগের ওই নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করে কারখানা কর্র্তৃপক্ষ।

মামলার বাদী ও কারখানাটির জেনারেল ম্যানেজার (প্রজেক্ট) ইশতিয়াক আহমেদ চৌধুরী জানান, এটি একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। গত রবিবার জোরপূর্বক কারখানার ভেতর প্রবেশ করে পরিচালক জান চৌধুরীর কক্ষে এসে ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে কাউন্সিলর মনতাজ উদ্দিন ম-ল, সহীদুল্লাহ, ফরহাদ, গণি ও মাসুদসহ ৮-১০ জনের একটি দল।