পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে। যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে  পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এই সময় অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান এবং এসবি প্রধান মো. মনিরুল ইসলামও কয়েক কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে ড. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার, সিআইডি প্রধান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন।