প্রেক্ষাগৃহে উঠছে না ক্যামিলার ‘সিনড্রেলা’

রূপকথার রাজকন্যা সিনড্রেলার গল্প নতুনভাবে বলছে সনি পিকচার্স। যার নাম ভূমিকায় আছেন গায়িকা ক্যামিলা কাবেলো।

দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য অপেক্ষা করলেও প্রযোজক নতুন সিদ্ধান্ত নিয়েছে।

ভ্যারাইটি জানায়, বড়পর্দার বদলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে ‘সিনড্রেলা’র প্রিমিয়ার হবে।

করোনা মহামারির কারণে ইতিমধ্যে এক দফা পিছিয়ে গেছে ‘সিনড্রেলা’। এটা স্পষ্ট নয়, আমাজনে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে।

সনি চেয়েছিল জুলাইয়ে ছবিটি বড়পর্দায় মুক্তি দিতে। কিন্তু দর্শক সমাগমের শঙ্কা থেকে ডিজিটাল মাধ্যমে ‘সিনড্রেলা’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

‘পিচ পারফেক্ট’-খ্যাত কে ক্যানন পরিচালনার পাশাপাশি ‘সিনড্রেলা’র চিত্রনাট্য তৈরি করেছেন। মিউজিক্যাল ধাঁচের এ সিনেমায় এতিম এক তরুণীর সঙ্গে রাজকুমারের প্রেম দেখানো হবে।

ছবিতে ক্যামিলা ছাড়াও অভিনয় করেছেন বিলি পোর্টার, ইডিনা মেঞ্জেল, নিকোলাস গালিতজিন, পিয়ার্স ব্রসনান ও মিনি ড্রাইভার।

‘সিনড্রেলা’ অবলম্বনে ১৯৫০ সালে প্রথমবার অ্যানিমেশন ছবি নির্মাণ করে ডিজনি। যেখান থেকে ‘আ ড্রিম ইজ আ উইশ ইয়োর হার্ট মেকস’ ও ‘বিবিডি-ববিডি-বো’ গান দুটি জনপ্রিয়তা পায়। নতুন ছবিতে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ক্যামিলা ও ইডিনা। এটি হতে যাচ্ছে হিট গায়িকা ক্যামিলার প্রথম চলচ্চিত্র।