করোনার বিপক্ষে লড়াইয়ে ২ কোটি রুপি দান কোহলি-আনুশকার

কোভিড-১৯ থেকে ভারতকে মুক্ত করার অভিযান তহবিল সংগ্রহে ২ কোটি ‍রুপি দান করেছেন টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে কোহলি ও আনুশকা বলেন, ‘ভারতের জন্য সবকিছু কঠিন হয়ে উঠছে। মহামারির বিপক্ষে আমরা লড়াই করছি। আমাদের দেশকে এভাবে ভুগতে দেখা খুবই কষ্টদায়ক।’

তারা আরও বলেন, ‘যারা দিনরাত লড়াই করছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের আত্মোৎসর্গ প্রশংসনীয়। তবে এখন, এখন তাদেরও সহযোগিতা দরকার এবং আমরা তাদের পাশে আছি। তাই, আনুশকা ও আমি এক তহবিল সংগ্রহ শুরু করেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই উদ্যোগে দান দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। প্রতিটি ছোট প্রয়াস বৃহৎ পার্থক্য গড়ে দেয়।’