পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে গাছ কাটা নিয়ে আনসার সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে নারীসহ নয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে নাচনাপাড়া আনসার ক্যাম্প বাউন্ডারি মসজিদে বাইরের মুসল্লিদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয় কর্র্তৃপক্ষ। এরপর বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করেন। মসজিদ ঘরের জন্য গতকাল বন বিভাগের দুটি গাছ কাটতে গেলে আনসার সদস্যরা বাধা দেন। এ সময় আবুল কালাম নামে এক গ্রামবাসীকে ধরে নিয়ে গিয়ে আনসার সদস্যরা মারধর করেন। পরে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী আনসার ক্যাম্পে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েক দফা আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে নারীসহ নয়জন আহত হন। আহতের মধ্যে নূর আলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।