অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ তদন্তের আওতায় জেরার জন্য অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেপ্তার করেছে কাতার।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায়, বিভিন্ন নথি ও রিপোর্ট পর্যালোচনা করে দেখার পর আল-এমাদিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেপ্তারের নির্দেশ দেন কাতারের অ্যাটর্নি জেনারেল। এমাদির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্ত চলছে।
আলি শেরিফ আল-এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতারের প্রভাবশালী বিনিয়োগ কর্র্তৃপক্ষের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য তিনি। কাতারের ন্যাশনাল ব্যাংকের বোর্ড চেয়ারম্যানও তিনি।