চেলসিকে হারালেই শিরোপা ম্যানসিটির

এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে অল ইংলিশ ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। সেই ফাইনালের ড্রেস রিহার্সেল আজ হবে ইতিহাদে। প্রিমিয়ার লিগে মৌসুমের ৩৫তম ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে চেলসির। এই ম্যাচে সিটি জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের লিগ শিরোপাও। আজ জিতলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে যাবে সিটিজেনরা। ম্যানইউ তাদের বাকি ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। তাই আজ জিতলে কোনো রকম হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে পেপ গার্দিওলার দল।

গত সপ্তাহে ম্যানসিটি ২-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। সমীকরণ এমন ছিল যেÑ লিভারপুল ও ম্যানইউ ম্যাচে লিভারপুল জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যেত সিটির। কিন্তু ম্যানইউ সমর্থকদের মাঠে ঢুকে প্রতিবাদের কারণে সেই ম্যাচটি স্থগিত হয়। ফলে আজ নিজেদের মাঠে জিতেই শিরোপা নিশ্চিত করার সুযোগ সিটির সামনে। অপরদিকে ৬১ পয়েন্টে চারে থাকা চেলসি চাইবে ম্যাচটি জিতে শীর্ষ চারে নিজেদের অবস্থান মজবুত করতে।

সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ পাঁচ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। তাদের সবশেষ হারটি চেলসির বিপক্ষেই। গেল ১৭ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে চেলসি ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন হাকিম জিয়েচ। চেলসি চ্যাম্পিয়নস লিগ সেমির দ্বিতীয় লেগে ২-০ গোলে রিয়ালকে হারিয়েছে। এদিন দারুণ ফর্মে ছিলেন টিমো ভারনার, ম্যাসন মাউন্ট, কাই হাভার্টজরা। সিটিও তাদের সবশেষ ম্যাচ খেলেছে চ্যাম্পিয়নস লিগ সেমির দ্বিতীয় লেগ। তারা ২-০তে হারায় পিএসজিকে। দুটি গোলই করেন রিয়াদ মাহরেজ।

প্রিমিয়ার লিগে এবার প্রথম দেখায় স্টামফোর্ড ব্রিজে ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছিল চেলসিকে। তখন ব্লুজদের কোচ ছিলেন ফ্রাঙ্ক ল্যাপার্ড। এবার চেলসি কোচ হিসেবে ইতিহাদে যাচ্ছেন টমাস টুখেল। যার অধীনে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচে মাত্র দুটিতে হেরেছে চেলসি। ১৬ জয়, ড্র বাকি ৬ ম্যাচ। এ সময় অ্যাওয়েতে ১১ ম্যাচ খেলে একটিও হারেনি টুখেলের চেলসি। তাই গার্দিওলার ম্যানচেস্টার সিটির জন্য যে ম্যাচটি সহজ হবে না তা বলাই যায়।

১৬৭ দেখায় ৬৯টি জিতেছে চেলসি। ৫৯ ম্যাচ জিতেছে ম্যানসিটি। জানুয়ারি ২০১৫-এর পর ইপিএলে এ দুই দলের মুখোমুখি লড়াই ড্র হয়নি। প্রতিটি ম্যাচেই ফল গেছে কারও পক্ষে।