ভার্চুয়ালি রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন গতকাল শনিবার উদযাপিত হয়েছে নানা আয়োজনে। বাঙালির সাংস্কৃতিক জাগরণে রবীন্দ্রনাথ অবলম্বন হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আয়োজনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হয়। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে এবারে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শারীরিক উপস্থিতিতে জনসমাগম করে কোনো অনুষ্ঠান আয়োজিত হয়নি। তবে ডিজিটাল মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ও দিবসটি উপলক্ষে এক ঘণ্টার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে। এ ছাড়া ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।

উদীচী আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমা রায়, সন্দ্বীপা বিশ্বাস, উর্বি, রবিউল হাসান প্রমুখ। বক্তব্য দেন বদিউর রহমান, সুমিত পাল প্রমুখ। সঞ্চালনা করেন অনিতা রানী দাস ও কংকন নাগ।

ছায়ানট রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে সম্প্রচার করেছে ‘ধর নির্ভয় গান’ শীর্ষক অনুষ্ঠান। ছায়ানটের ফেইসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেলে রাত ৯টায় অনুষ্ঠানটি দেখানো হয়।

এদিকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় অন্তর্জালিক অনুষ্ঠান ‘সীমার মাঝে অসীম তুমি’। আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।