মুক্তিযুদ্ধের স্মারক সোহরাওয়ার্দী উদ্যানকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দেশের ১০টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য হানিফ খান বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার। বিবৃতিতে বলা হয়েছে, ‘উন্নয়নের নামে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বহুসংখ্যক বৃক্ষরাজি কর্তন করে এখানে হোটেলসহ বেশকিছু ইট-পাথরের স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনবিজ্ঞপ্তি অনুযায়ী এ সবই করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার জন্য।’