ব্রাহ্মণবাড়িয়া শহর, আশুগঞ্জ, সরাইল ও বিশ্বরোড এলাকায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতার মূল হোতা জাকারিয়া আহমেদ প্রীতমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টায় গাজীপুর সদর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি বিশেষ টিম। গ্রেপ্তার জাকারিয়া আহমেদ প্রীতম সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকারিয়া আহমেদ প্রীতম ২৮ মার্চ এপিসিতে অগ্নিসংযোগ করার সময় পুলিশের গুলিতে আহত হয়ে গাজীপুরে আত্মগোপনে চলে যায়। সেখানে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিল। এপিসি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এর প্রযুক্তির সাহায্যে ব্যাপক খোঁজ-খবর নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বরোড এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।