ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ফের চার লাখের বেশি। এই নিয়ে পর পর চার দিন আক্রান্তের আকাশছোঁয়া এ সংখ্যা বহাল থাকল।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ রোগী। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের বেশি। তবে শনিবারের তুলনায় সামান্য কমে মারা গেছে ৪ হাজার ৯২ জন।
এ পর্যন্ত ভারতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনের।
ভারতের কভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের হার ২১.৬৪ শতাংশ। এখনো পর্যন্ত মোট সংক্রমণের হার ৭.৩৮ শতাংশ।
আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৪ জন। এখনো পর্যন্ত মোট ১ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আর সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন।