খাগড়াছড়ি জেলায় কভিড-১৯ টিকার মজুত শেষ হওয়ায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা সরবরাহ হলে কার্যক্রম আবারও শুরু হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলায় ৪৮ হাজার ৫০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে মজুতের টিকা শেষ হয়ে আসছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মজুত শনিবার শেষ হয়ে যায়। বাকি উপজেলাগুলোতে ২৩ ভায়াল অর্থাৎ ২৩০ ডোজ টিকা রয়েছে যা, আজ বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে।
খাগড়াছড়ি জেলায় কভিড-১৯ এর টিকার জন্য প্রায় ৩৬ হাজার মানুষ নিবন্ধন করেছিলেন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছে ৩০ হাজার ২৩২ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ১৭ হাজার ৮১৭ জন।
খাগড়াছড়ি জেলায় এ পর্যন্ত ৮৮৯ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৮৪৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৮ জন। গত ৪৮ ঘণ্টায় জেলায় একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। তৎন্মধ্যে ৩ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলায় টিকার মজুত শেষ হয়ে আসছে। কিছু টিকা এখনো কয়েকটি উপজেলায় রয়েছে। তাও দু-এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও বিষয়টি জানেন। টিকা সরবরাহ আসলে আবারও টিকা প্রদান কর্মসূচি চালু করা হবে।