বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনায় মৃত্যুবরণকারী যুবদল নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও অর্থ সাহায্য বিতরণ করেছেন মহানগর দক্ষিণের সহসভাপতি নবীউল্লাহ নবী।
নবীউল্লাহ নবী বলেন, ‘মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্ব আজ আতঙ্কিত। বাংলাদেশের পরিস্থিতিও উদ্বেগজনক। বিএনপি বরাবরই বিভিন্ন দুর্যোগে দেশবাসীর পাশে ছিল, এখনো আছে।’
‘আমাদের অঙ্গ সংগঠন যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা করোনায় মৃত্যুবরণকারী যুবদল নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও অর্থ সাহায্য বিতরণ করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখব।’
নবীউল্লাহ নবীর সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর (দ.) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এসময় আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম শ্যামল, ছাত্রদল ঢাকা মহানগর (দ.) এর সভাপতি জাকির হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হাসান কামাল তাপস, দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মো. হানিফ হোসেন, ৫০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ওলি, সাধারণ সম্পাদক মো. হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত বছর করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থ সাহায্য অব্যাহত রেখেছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী।