ঈদ সামনে রেখে সক্রিয় হয়েছে প্রতারক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী। ঈদ এগিয়ে আসায় বন্দরনগরীতে বেড়েছে মানুষের চলাফেরা। এ সুযোগে প্রতারণার নানা ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে মৌসুমি অপরাধীরা। তবে পুলিশ বলছে, এবার নগরীতে ছিনতাইকারী ও প্রতারকদের গ্রেপ্তারে তৎপর রয়েছে তারা।
জানা গেছে, গত শুক্রবার পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার, ওয়াসার মোড় থেকে ১০ জন ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ছিনতাইয়ের শিকার এক কিশোরের অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার কুতুবদিয়া থেকে রিদুয়ানুল ইসলাম নামে এক কিশোর ঈদের শপিং করতে নগরীতে এসে ছিনতাইয়ের শিকার হয়। তার কাছ থেকে সাড়ে ১৯ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদ সামনে রেখে ছিনতাইকারীরা বেপরোয়া। বৃহস্পতিবার দুপুরে ফিরিঙ্গীবাজারের ব্রিজঘাট এলাকায় রিদুয়ান নামে এক কিশোরকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-মোবাইল সেট নিয়ে যায়। পরে রিদুয়ান কালামিয়া বাজার এলাকায় তার খালার বাসায় চলে যায়। সন্ধ্যায় তার খালুকে নিয়ে থানায় অভিযোগ জানালে অভিযানে নামে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে তিনটি চক্রকে গ্রেপ্তার করে, উদ্ধার হয় কিশোরের টাকা।’
এদিকে গত ৮ মে রাতে বাকলিয়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে একটি বাসায় ‘অনৈতিক কর্মকা-’ হচ্ছে এমন অভিযোগ এনে চাঁদাবাজি করতে গিয়ে তিনজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, ‘কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনে অনৈতিক কর্মকা- হচ্ছে উল্লেখ করে চাঁদা দাবি করে পুলিশ পরিচয়ে তিনজন। এমনকি মারধরও করে বাড়ির মালিককে। এমন সংবাদ আসার পর অভিযান চালিয়ে পুলিশ পরিচয় দেওয়া তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বাড়ির মালিক থেকে ৫ হাজার টাকা বিকাশে নিয়ে নেয়, এরপর মামলা দেবে বলেও হুমকি দেয়। ওই তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, তিনজনই মাদকাসক্ত। এর আগে ৮ মে ভোরে গ্রেপ্তার করা হয় ছয় ছিনতাইকারীকে, যারা সাহরির সময়ে এলাকার নির্জন স্থানে মানুষের টাকা-মোবাইল ছিনতাই করত।’
সর্বশেষ গত ৮ মে রাতে নগরীতে সিআইডি কর্মকর্তা পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে জয় বড়ুয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, ‘গত শনিবার রাতে ব্যবসায়ীরা তাকে ধরিয়ে দেন। প্রতারক জয় সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ না করা এবং যথাযথ নিয়মে ক্রেতারা মাস্ক না পরার অভিযোগ তুলে ক্রেতাদের দোকান থেকে বের করে দেয়। নিয়ম অমান্য করায় ৫ লাখ টাকা জরিমানা পরদিন শনিবার পরিশোধ করতে হবে বলে জানায়।’
সিএমপির জনসংযোগ শাখার দায়িত্বে থাকা দক্ষিণ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, ‘নগরীর সব থানায় নির্দেশনা দেওয়া হয়েছে ছিনতাইকারী গ্রেপ্তারে, যাতে অপরাধীরা সক্রিয় হতে না পারে। নগরজুড়ে চলছে সাঁড়াশি অভিযান।