সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার আমসড়া-উনুখাঁ সড়কের উত্তরকালিকাপুর এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে গরু ব্যবসায়ী সহোদর নিহত হয়েছেন। তারা হলেনÑ একই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের প্রয়াত হারান খানের ছেলে ওসমান আলী (৫৫) ও নুর ইসলাম (৪০)। এ ছাড়া গতকাল রবিবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেটকার চাপায় সাদেকুল হক (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় চান্দাইকোনা হাট থেকে গরু কিনে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন দুই ভাই ওসমান ও নুর ইসলাম। ভটভটিটি ঘটনাস্থলে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ওসমান ঘটনাস্থলে ও নুর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, গতকাল সকালে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন সাদেকুল। ঘটনাস্থলে এসে পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল চালক সাদেকুলসহ প্রাইভেটকারের ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাদেকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।