হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার দুই মামলায় সংগঠনের চার কর্মীকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। তারা হলেন ইকবাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, কাওছার আহমেদ ও ফারুক হোসেন। হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ স্থগিতাদেশ দেন।
আদালতে ভিডিও কনফারেন্সে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বিশ্বজিৎ দেবনাথ।