ভারতে একদিনে ৩ লাখ ৬৬ হাজার শনাক্ত, মৃত্যু ৩৭৫৪

ভারতে করোনা মহামারী পরিস্থিতির ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণের হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের।

ভারতে গত চার দিন আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি ছিল। দু’দিন চার হাজারের বেশি মৃত্যু হয়েছে। সে হিসাবে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু বেড়েছে সংক্রমণের হার।

দেশটিতে কভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের হার ২৪.৮৩ শতাংশে দাঁড়িয়েছে। মোট সংক্রমণের হার ৭.৪৬ শতাংশ।

এ পর্যন্ত ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২ জন সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৩৬ হাজার ৯৪০ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন টিকা পেয়েছেন।